Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Farhana Haque on March 15, 2026, 10:37:15 AM

Title: রিজিক,ইনসাফ এবং আমাদের আত্মিক দায়বদ্ধতার ভূমিকা
Post by: Farhana Haque on March 15, 2026, 10:37:15 AM
(https://mail.google.com/mail/u/0?ui=2&ik=eff6e64656&attid=0.1&permmsgid=msg-a:r-7920440108505328363&th=19cefc5db198e3e1&view=att&disp=inline&realattid=f_mmr9fh2y1&zw)

রিজিক,ইনসাফ এবং আমাদের আত্মিক দায়বদ্ধতার ভূমিকা 🕌 💚

মহিমান্বিত রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রতি বছর এই সময়টা আসে আমাদের পরিশুদ্ধ করতে, কিন্তু আমরা আসলে কতটুকু নিজেদের বদলাতে পারছি এ প্রশ্ন থেকেই যায়। আমাদের প্রাত্যহিক জীবনের ইঁদুর দৌড়ে আমরা এতটাই মগ্ন যে, জীবনের প্রকৃত অর্থ এবং শান্তির উৎসগুলো ভুলে যাচ্ছি। একটু সময় থেমে যদি, নিজের ভেতরটা গভীরভাবে পর্যবেক্ষণ করা যায়ঃ

শান্তি হলো ভালো কাজের প্রতিধ্বনিঃ
আমরা সবাই সুখ আর শান্তির পেছনে ছুটছি। কিন্তু আমাদের উপলব্ধি করা প্রয়োজন, শান্তি কোন বস্তু নয় যা বাজার থেকে কেনা যায়। আপনি যখন কারো বিপদে পাশে দাঁড়ান, কারো মুখে হাসি ফোটান—ঠিক সেই মুহূর্তেই আপনার মনের ভেতর যে প্রশান্তি আপনি অনুভব করেন, সেটিই আসল শান্তি। আপনি যদি কারো জন্য ভালো কিছু করতে নাও পারেন, তবে অন্তত কারো ক্ষতির কারণ হবেন না। কারো পথে কাঁটা বিছিয়ে নিজের পথ কখনো মসৃণ করা যায় না।

রিজিকের সংজ্ঞাকে নতুন করে জানাঃ
আমরা আপাতদৃষ্টিতে রিজিক বলতে কেবল টাকা-পয়সা বা ধন-সম্পদকেই বুঝি। কিন্তু রিজিকের ধারণা এর চেয়েও অনেক বেশি বিশাল। আপনার শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, পরিবারের ভালোবাসা এবং সমাজে সম্মানের সাথে বেঁচে থাকা—এসবই আপনার রিজিক। এক্ষেত্রে আপনার জন্য একটি সতর্কবাণী হতে পারে: "যখন আপনি ক্ষমতা বা কৌশলে কারো রিজিক আটকে দেন, কারো পাওনা পরিশোধে বিলম্ব করেন কিংবা কারো হক নষ্ট করেন—তখন আসলে আপনি নিজের রিজিককেই সংকুচিত করে ফেলেন। হয়তো আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কিন্তু আপনার জীবন থেকে সুস্থতা, ঘুম আর পারিবারিক সুখ হারিয়ে যাবে। আপনি নিজেই তা স্পষ্টভাবে পর্যবেক্ষন করতে পারবেন।

উছিলা হওয়ার সার্থকতাঃ
রিজিক আসে মহান আল্লাহর তরফ থেকে। তিনি চাইলে সরাসরি দিতে পারেন, কিন্তু তিনি আমাদের একে অপরের 'উছিলা' বা মাধ্যম হিসেবে পছন্দ করেছেন। আপনার মাধ্যমে যদি একজনের সংসার চলে, তবে সেটি আপনার জন্য কত বড় সৌভাগ্য তা ভেবে দেখার সুযোগ পেয়েছেন? পেয়ে থাকলে সেই সুযোগকে কাজে লাগান। মানুষের কর্মসংস্থান বা জীবনযাত্রায় বাধা না হয়ে সহায় হোন।

আত্মকেন্দ্রিকতার অভিশাপ থেকে নিজের জীবনকে দূরে রাখুনঃ
"আমি কী পেলাম?", "আমার কী লাভ?"—এই আমি কেন্দ্রিক চিন্তা আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। মনে রাখবেন, মানুষ সামাজিক জীব। আপনি যদি আজ কেবল নিজের স্বার্থটুকু দেখেন এবং অন্যের প্রতি ইনসাফ না করেন, তবে একদিন আপনি হয়তো অনেক সম্পদের মালিক হবেন, কিন্তু চারপাশে কোনো আপন মানুষ খুঁজে পাবেন না। এমন এক সময় আসতে পারে যখন আপনার প্রচণ্ড তৃষ্ণায় এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার মতো কোনো বিশ্বস্ত হাত পাশে থাকবে না। সেই একাকীত্ব হবে আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ।

বিদায়ীরমজানের শিক্ষাঃ পবিত্র রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়, ইনসাফের শিক্ষা দেয়। এই মাস চলে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুনঃ

-আমি কি কারো হক নষ্ট করেছি?
-আমি কি কারো রিজিকে বাধা হয়ে দাঁড়িয়েছি?
-আমি কি আমার অধীনস্থ বা চারপাশের মানুষের প্রতি ইনসাফ করতে পেরেছি?


আমরা কেউ জানিনা। পরের বছর এমন আরেকটি মহিমান্বিত রমজান আমাদের ভাগ্যে রয়েছে কিনা। সুতরাং আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙে মানুষের জন্য কাজ করুন। ইনসাফ কায়েম করুন আমাদের পরিবারে, কর্মক্ষেত্রে এবং সমাজে। কারো রিজিকের উছিলা হতে পারাটা হউক আমাদের জীবনের অন্যতম লক্ষ্য। স্রষ্টা আমাদের সেই তৌফিক দান করুন যাতে আমরা সম্মানের সাথে, মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি।


hashtag#Ethics hashtag#Inspiration hashtag#RamadanReflections